যোগেন্দ্রনাথ বাংলাভাগের পক্ষে নয়, যুক্ত বাংলার পক্ষেই সংগ্রাম করেছিলেন। লেখক- সদানন্দ বিশ্বাস
যোগেন্দ্রনাথ বাংলাভাগের পক্ষে নয়, যুক্ত বাংলার পক্ষেই সংগ্রাম করেছিলেন। তাও করেছিলেন তাঁর আপনজনদের স্বার্থে।৪৩ বাংলা ভাগ হয়ে গেলে পূর্ব বাংলার মাটির সংগে যুক্ত এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল তফসিলীরা দেশত্যাগ করে হিন্দু ভারতে আশ্রয় নিতে পারবে না- এই ছিল তাঁর আশংকা। সেক্ষেত্রে বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেও ৪৭% অমুসলিমদের নামমাত্র সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের (৫৩%) সঙ্গে মিলেমিশে বাস করার সদিচ্ছার মধ্যে অবাস্তব চিন্তা-ভাবনার কোন লক্ষণই নেই। যুক্ত বাংলার বা স্বাধীন বাংলার পরিকল্পনা ’৪৬-এর কোলকাতা দাঙ্গার জন্য ধিকৃত সোহরাওয়ার্দি সমর্থন করেছিলেন বলেই কি সেটা খারাপ ছিল? নেতাজীর অগ্রজ শরৎ বসুও তো স্বাধীন বাংলার পরিকল্পনা সমর্থন করেছিলেন। তিনি কি জন্য তা করেছিলেন? তিনি বিভাজিত বাংলায় যে মারোয়াড়ী আধিপত্য ও দিল্লীওয়ালাদের দৌরাত্ম্যের আশংকা করেছিলেন, তা কি আজ সত্যে পরিণত হয় নি?৪৪ আসলে বাংলা ভাগ হয়েছিলো ভারত ভাগের পরিপূরক (Sequel) হিসেবে এবং কংগ্রেস-লীগের ক্ষমতা ভাগাভাগির দরকষাকষির পরিণতি হিসেবে। এজন্য দায়ী যদি কেউ হয়ে থাকেন তো তাঁরা হচ্ছেন নেহেরু- প্যাটেল ও জিন্নাহ্-লিয়াকতেরা মরবার পূর্বে ক্ষমতার স্বাদ পাবার লোভে তাঁরা দেশভাগ করে নিলেন, এখানে যোগেন্দ্রনাথের কোন দায়ই নেই। তাছাড়া, ১৯৪৭ সালের ২০শে জুন বঙ্গীয় ব্যবস্থাপক সভায় বাংলাভাগের প্রশ্নে যে ভোটাভুটি হয়েছিল তাতে তো কেন্দ্রীয় মন্ত্রী যোগেন্দ্রনাথের ভোটাধিকারই ছিল না তিনি দায়ী হলেন কোন যুক্তিতে? যত দোষ সব নন্দ ঘোষের? (তথ্য- মহাপ্রাণ যোগেন্দ্রনাথ বঙ্গভঙ্গ ও অন্যান্য প্রসঙ্গ, লেখক- সদানন্দ বিশ্বাস পৃষ্ঠা ২২৯)

0 comments:
Post a Comment