Friday, 13 January 2017

// // 2 comments

বুদ্ধ ধর্ম না ধম্ম? -জগদীশচন্দ্র রায়

বুদ্ধ ধর্ম না ধম্ম?
জগদীশচন্দ্র রায়(মুম্বাই) roy.1472@gmail.com 

এই বিষয়ের মধ্যে প্রবেশের পূর্বে এই লেখার উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা জানানোর প্রয়োজন মনে   করছি। বিশ্বের অন্যান্য ধর্মের সঙ্গে সিদ্ধার্থ গৌতমের মতবাদের ধারণাকেও ধর্মের মধ্যে জুড়ে দিয়ে বলা হয় ‘বুদ্ধধর্ম’। কিন্তু আমরা ড. বাবা সাহেব আম্বেদকরের লিখিত গ্রন্থের নাম করণ দেখতে পাই-“BUDDHA AND HIS DHAMMA” বুদ্ধ এবং তাঁর ধম্ম। প্রশ্ন হচ্ছে বাবা সাহেব ‘ধর্ম’ না লিখে ‘ধম্ম’ লিখলেন কেন? এই দু’টি যদি এক হোত তাহলে তিনি নিশ্চয় ‘ধম্ম’ শব্দটি লিখতেন না। তিনি যখন ‘ধম্ম’ শব্দটি লিখেছেন তাহলে বুঝতে হবে ‘ধর্ম’ এবং ‘ধম্ম’-এর মধ্যে পার্থক্য আছে। কি সেই পার্থক্য? সেটাই এই লেখার মধে এই “বুদ্ধ এবং তাঁর ধম্ম” বই থেকে তুলে ধরার চেষ্টা করছি।
    ‘ধম্মকে ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে বহু পূর্ব থেকে। যার জন্য যে ভারত ভূমিতে এই ধম্মের উদ্ভব, সেখান থেকেই আগে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বর্তমানের অনেক অনেক লেখক সাহিত্যিককেও দেখছি তাঁরা ‘বুদ্ধধর্ম’ শব্দটি ব্যবহার করছেন। তাই তাদের উদ্দেশ্যে  এই লেখা তুলে ধরতে চেষ্টা করছি। 
ধর্ম কি? ধম্ম কি? এদুটোর মৌলিক পার্থক্য কি?  
ধর্ম ও ধম্মের উদ্দেশ্য কি? কি কি ধম্ম নয়?
 (বাবা সাহেবের Buddha and his Dhamma গ্রন্থ অনুবাদ করেছেন অধ্যাপক সত্যরঞ্জন রায়। –এই বই থেকে সমস্ত লেখা সংগৃহ করা হয়েছে।)
ধর্ম কি?
ধর্ম সম্পর্কে ধারণার বিবর্তনের ইতিহাসঃ-
‘ধর্ম’ একটি অস্পষ্ট শব্দ। এর কোন নির্দিষ্ট অর্থ নেই। এই ‘ধর্ম’ শব্দ কিন্তু একটাই। কিন্তু এর অর্থ অনেক। কারণ, ‘ধর্ম’ অনেকগুলি স্তরের মধ্য দিয়ে অতিক্রম করছে। প্রতিটি স্তরের ধারণাকে   বলা হয় ‘ধর্ম’। যদিও একটি স্তরের ধর্মের ধারণার সঙ্গে অন্য স্তরের ধর্মের ধারণার সঙ্গে মেলেনা।   কারণ ধর্মের ধারণা কখনও নির্দিষ্ট ছিলনা। যার ফলে যুগে যুগে ধর্ম সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটেছে। 

ধর্ম সম্পর্কে প্রথম ধারণাঃ-
বিদ্যুৎ, বৃষ্টি বন্যা ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটলে আদিম মানুষ সেগুলোর কোন ব্যাখ্যা দিতে পারতনা। প্রাকৃতিক কোন ঘটনাকে নিয়ন্ত্রন করার জন্য ধর্মকে তখন বলা হ’ত জাদুবিদ্যা বা ম্যাজিক। সুতরাং ধর্ম তখন এই জাদুবিদ্যার সঙ্গে অভিন্ন বলে গণ্য হ’ত।
ধর্ম সম্পর্কে দ্বিতীয় ধরণাঃ-  
এরপর ধর্ম বিবর্তনের ইতিহাসে এল দ্বিতীয় স্তর। এই স্তরে ধর্ম মানুষের বিশ্বাস, আচার, অনুষ্ঠান, প্রার্থনা ও যজ্ঞ ইত্যাদির সঙ্গে অভিন্নরূপে গণ্য হতে থাকে। যদিও ধর্ম সম্পর্কে এই ধারণা ছিল আনুমানিক।
    ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি শুরু হয় এই বিশ্বাসের উপর ভর করে। সেটা হচ্ছে, এমন কোন একটি শক্তি আছে যার কারণেই প্রাকৃতিক অবস্থার সৃষ্টি হয়; যেটাকে আদিম মানুষেরা জানত না বা বুঝতে পারেনি। ধর্মের এই বিশ্বাসের স্তরে জাদুবিদ্যা তার গুরুত্ব হারায়।
     এই যে যে, শক্তির উপর বিশ্বাসের ধারণা এটা প্রথমে ছিল হিংসামূলক। পরবর্তীকালে মানুষের উপলবদ্ধি হয় যে, এই শক্তি তাদের জন্য শুভাকাঙ্ক্ষী হ’তে পারে। তাই বিশ্বাস, আচার, অনুষ্ঠান ও যজ্ঞ ইত্যাদির দরকার মানে করে শুভাকাঙ্ক্ষী শক্তিকে প্রসন্ন করার জন্য। আর হিংসাপরায়ণ শক্তির সঙ্গে আপস করার জন্য। পরবর্তীকালে এই শক্তিকে নাম দেওয়া হয়-ঈশ্বর বা সৃষ্টিকর্তা।
ধর্ম সম্পর্কে বিবর্তনের তৃতীয় ধারণাঃ-
     ধর্ম সম্পর্কে বিবর্তনের তৃতীয় ধারণা হচ্ছে, মানুষ মনে করে এই ঈশ্বর জগৎ সৃষ্টি করেছে। আর ঈশ্বরই মানুষ সৃষ্টি করেছে। এরপর মানুষের বিশ্বাস জন্মেছে আত্মা আছে এবং এই আত্মা স্বাশ্বত। এ জগতে মানুষের কৃত কর্মের জন্য ঈশ্বরের নিকট মানুষ জবাবদিহি করতে বাধ্য।
    সংক্ষিপ্তভাবে ধর্মের ধারণা সম্পর্কে বিবর্তনমূলক ইতিহাস হচ্ছে এটা। তাহলে এখন ধর্মের অর্থ দাঁড়ায় ঈশ্বরে বিশ্বাস, আত্মা বিশ্বাস, ঈশ্বরের উপাসনা, ভ্রমাত্মক আত্মাকে সঠিক পথে নিয়ে আসা্‌, আর প্রার্থনা, অনুষ্ঠান, যজ্ঞ ইত্যাদির দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করা।



ধর্ম এবং ধম্মের মৌলিক পার্থক্যঃ-
     সাধারণত বলা হয় যে, ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকেরই ধর্মকে তার নিজের কাজে সীমাবদ্ধ রাখা উচিত। ধর্মকে সমাজ জীবনে টেনে এনে কোনরূপ অংশ গ্রহণ করানো কারো উচিত নয়।
    কিন্তু ধম্ম হচ্ছে এর বিপরীত। অর্থাৎ ধম্ম হচ্ছে সামাজিক। ধম্ম সৎগূণান্বিত। এর অর্থ হল ধম্ম জীবনের প্রত্যেকটি পর্যায়ে মানুষের সঙ্গে মানুষের সঠিক সম্পর্ক।
     তাহলে এটা থেকে পরিষ্কার হচ্ছে- কোন লোক যদি একা থাকে, তাহলে তার ধর্মের কোন প্রয়োজন নেই। কিন্তু যখন দু’জন মানুষের মধ্যে পর্স্পরের সম্পর্কের প্রয়োজন হয় তখন তাদের মধ্যে ধম্মের প্রয়োজন আবশ্যিক। আর এই ধম্মের আবশ্যিকতাকে পছন্দ করুক বা না করুক, এই প্রয়োজন কেউ এড়িয়ে যেতে পারবে না। অন্যভাবে বলা যায় সমাজ ধম্ম বিনা চলতে পারেনা।
     ধম্মের মূল বিষয় বিরাজ করে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে। ধম্মের আসল লক্ষ্য হচ্ছে একটি মানুষকে শিক্ষা দেওয়া; কিভাবে সে অন্যদের সঙ্গে মেলামেশা বা ব্যবহার করবে যাতে  তারা সকলেই সুখী হয়।
ধম্ম বলতে কি বোঝায়? ধম্মের প্রয়োজন কেন?
বুদ্ধ ধম্মের দুটো স্তম্ভ আছে। একটা প্রজ্ঞা অন্যটা করুণা। প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। করুণা কি? এবং কেন? করুণা হচ্ছে প্রেম বা ভালবাসা। কারণ, প্রেম বা ভালবাসা ছাড়া সমাজে বেঁচে থাকা যায়না। আর সমৃদ্ধিও লাভ করা যায়না। এই প্রজ্ঞা ও করুণাকে বলা হয় ধম্ম।
তাহলে দেখা যাচ্ছে যে, ধম্মের সংজ্ঞা থেকে ধর্মের সংজ্ঞা সম্পূর্ণ পৃথক। বুদ্ধ, ‘ধম্মে’র এই যে সংজ্ঞা দিয়েছেন, সেটা কত প্রাচীন হলেও কতই না সেটা আধুনিক এবং কতইনা মৌলিক। এটা কত প্রাসঙ্গিক ও কত সত্য। এই প্রজ্ঞা ও করুণার সংমিশ্রণই হচ্ছে বুদ্ধ ধম্ম। ধর্ম এবং ধম্মের এটাই হচ্ছে পার্থক্য।  



ধর্মের উদ্দেশ্যে এবং ধম্মের উদ্দেশ্য।
    বিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে? এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে ধর্মের ব্যাপার। কিন্তু এই প্রশ্নের সঙ্গে ধম্মের কোন সম্পর্ক নেই। ধর্মের উদ্দেশ্য হচ্ছে এই জগতের মূলোৎপত্তি ব্যাখ্যা করা। আর ধম্মের উদ্দেশ্য হচ্ছে জগৎকে সঠিকভাবে সংস্কার করা।
নৈতিকতা ও ধর্মঃ-
    ধর্মের মধ্যে নৈতিকরার কোন স্থান নেই। কারণ, ধর্মের বিষয়বস্তুর মধ্যে ঈশ্বর, আত্মা প্রার্থনা, পূজার্চনা, ধর্মীয় আচার পদ্ধতি, ধর্মানুষ্ঠান এবং যজ্ঞাদি অনুষ্ঠান থাকে।
    কিন্তু মানুষের সঙ্গে মানুষের যেখানে সম্পর্ক জড়িত থাকে শুধুমাত্র সেখানেই নৈতিকরার প্রশ্ন থাকে।
ধম্ম ও নৈতিকতাঃ-
    যদি প্রশ্ন করা হয় যে, ধম্মের মধ্যে নৈতিকতার স্থান কোথায়? উত্তর হল-নৈতিকতাই হচ্ছে  ধম্ম। আর ধম্ম হচ্ছে নৈতিকতা। অন্যভাবে বলা যায়, ধম্মের মধ্যে নৈতিকতা ঈশ্বরের স্থান গ্রহণ করে, যদিও ধম্ম অনুসারে ঈশ্বরের কোন অস্তিত্ব নেই। ধম্মের মধ্যে প্রার্থনা, তীর্থভ্রমন, ধম্মীয় আচার পদ্ধতি, ধম্মীয় অনুষ্ঠান বা যজ্ঞানুষ্ঠান  ইত্যাদির কোন প্রয়োজন হয়না। তাই ধম্মের সার কথা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা ভিন্ন ধম্ম নেই। ধম্মে নৈতিকতার উৎপত্তি হয়েছে মানুষের সঙ্গে মানুষের ভালবাসার সরাসরি প্রয়োজনের জন্য। এই ভালবাসার জন্য ঈশ্বরের কোন অনুমোদনের দরকার হয়না। মানুষকে নীতিজ্ঞান সম্পন্ন হতে হলে ঈশ্বরকে সন্তুষ্ট করার কোন প্রয়োজন নেই। নিজের মঙ্গলের জন্যই মানুষ মানুষকে ভালবাসবে। তবে শুধুমাত্র নৈতিকতা থাকলেই যথেষ্ট নয়। কারণ, নৈতিকতাকে পবিত্র ও সঠিক হতে হবে।
ধম্ম কি?
(১) জীবনের পবিত্রতা রক্ষা করা হচ্ছে ধম্ম।
এই পবিত্রতা তিন প্রকার।
(i)          শরীরের পবিত্রতা,- অর্থাৎ চৌর্যবৃত্তি ও পাপাসক্ত জীবন-যাপন থেকে বিরত থাকা।
(ii)         বাচনিক পবিত্রতা,- মিথ্যা না বলা।
(iii)       মনের পবিত্রতা,- অর্থাৎ ব্যক্তিগত ইন্দ্রিয় বাসনা, ব্যক্তিগত ঈর্ষাপরায়নতা ও ব্যক্তিগত অলসতা থেকে বিরত থাকা।
     (২) জীবনে পূর্ণতা লাভ করার নাম ধম্ম।
তিন প্রকারের পূর্ণতা আছে।
(i)          শারীরিক পূর্ণতা,- অর্থাৎ আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে নির্মূল করার পর স্বীও জীবনে মনের পূর্ণতাকে অনুভব করতে হবে।   
(ii)         বাক্য প্রয়োগে পূর্ণতা।
(iii)       মানসিকতায় বা মনের পূর্ণতা।
(৩) নিব্বাণে সুস্থিত হয়ে বিরাজ করা ধম্ম।
নিব্বাণ যেমন প্রকৃত শান্তি দিতে পারে, তেমন আর কোন কিছু পারেনা। বুদ্ধ যত রকম তত্ত্ব দিয়েছে, তার মধ্যে নিব্বাণ তত্ত্বটি সর্ব শ্রেষ্ঠ।
নিব্বাণ কিভাবে আমাদের শান্তি দিতে পারে?
লোভ, ক্রোধ এবং মোহ যদি দূর করা যায়, তাহলেই মানুষ আর দুর্ভাগ্য বা দুঃখ-কষ্ট ভোগ করেনা। নিব্বাণ ভবিষ্যৎ জীবনে নয়, বর্তমান জীবনেই সম্ভব।
(৪) আকাঙ্ক্ষা পরিত্যাগ করা ধম্ম। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়তগ আকাঙ্খা বা বাসনা পরিত্যাগ করা।
(৫) সমস্ত মিশ্রদ্রব্য অস্থায়ী একথা বিশ্বাস করা ধম্ম। 
    কোন প্রাণীর শরীর ক্ষিতি, অপ, তেজ ও মরুৎ এই চারটি উপাদানের (সমানুপাতিক) মিশ্রনের  ফলে তৈরী হয়। যখন এই (সমানুপাতিক) মিশ্রন চারটি মৌল উপাদানে দ্রবীভূত হয়, তখনই সেই বস্তুর (অর্থাৎ শরীরের) ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এটাই হল মিশ্র অস্তিত্বের অস্থায়িত্ব। প্রাণী বৃদ্ধি পাচ্ছে ( অর্থাৎ প্রাণী পরিবর্তিত হচ্ছে) এই সূত্র ধরে কোন জীবন্ত প্রাণীর অস্থায়ীত্বকে সব চেয়ে ভালভাবে বর্ণনা করা যায়।
      এই অর্থে অতীতের, কোন একটি মূহুর্তের প্রাণী সেই মুহুর্তে ছিল, কিন্তু এই বর্তমান মুহুর্তে  তার সেই অতীত মুহুর্তের প্রাণীটি আর নেই বা ভবিষ্যতেও থাকবে না। আবার ভিবিষ্যৎ কোন এক মুহুর্তের কোন একটি প্রাণী তখন সেই মুহুর্তে থাকবে, কিন্তু সেই মুহুর্ত থেকে পরের আর  একটা মুহুর্ত পর্যন্ত সে প্রাণী একই রকম থাকবেনা। বর্তমান মুহুর্তের কোন প্রাণী বর্তনাম মুহুর্তে আছে, কিন্তু এই মুহুর্ত থেকে পরবর্তী ভবিষ্যতেও সেই প্রাণী থাকবেনা। 
 সংক্ষেপে বলা যায়, মানুষ (প্রাণী) সর্বদাই পরিবর্তিত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। জীবনের কোন দুটো মুহুর্তে সে এক নয়।  
(৬) কর্ম হচ্ছে নৈতিকতা শৃঙ্খলা রক্ষা করার উপায়-একথা বিশ্বাস করা ধম্ম।
    পার্থিব জগতে একটি সুশৃঙ্খল নিয়ম আছে। এই নিয়ম মেনেই একের পর একে ঋতু আসছে ও চলে যাচ্ছে। বীজ থেকে বৃক্ষ জন্মে, বৃক্ষ ফল দান করে। আবার সেই ফল থেকে বীজ হয়।
    এইভাবে মানব  সমাজেও নৈতিক শৃঙ্খলা আছে। আর সেই নৈতিক শৃঙ্খলা হচ্ছে কর্ম নিয়ম। আর এই কর্ম অর্থ কাজ। আর বিপাক হচ্ছে- তার ফলাফল। নৈতিক শৃঙ্খল যদি মন্দ হয়, তাহলে তার কারণ হচ্ছে মানুষ অকুশল কর্ম বা মন্দ কর্ম করেছে। আর যদি ভাল হয়, তার কারণ হচ্ছে মানুষ কুশল কর্ম বা ভাল কাজ করেছে। বুদ্ধ একে কর্ম বিধান বলেছেন । অর্থাৎ কাজের ফলাফল কাজকে অনুসরণ করতে বাধ্য হয়।
কি কি ধম্ম নয়।  
(১) অলৌকিকত্বে বিশ্বাস করা ধম্ম নয়।
অলৌকিকতা বর্জনের ক্ষেত্রে তিনটি উদ্দেশ্য আছে।
(i)          মানুষকে যুক্তির পথে পরিচালনা করা।
(ii)         মানুষকে মুক্ত করা যাতে সে সত্যের অন্বেষণ করতে পারে।
(iii)       কুসংস্কারের সবচেয়ে শক্তিশালী উৎসটি অপসারিত করা।
(২) ঈশ্বরে বিশ্বাস মূলত ধম্মের অংশ নয়।
এ জগৎ বিবর্তনবাদের ফল। কেউ তাকে সৃষ্টি করেনি। সুতরাং কল্পনার উপর নির্ভরশীল কোন কিছুকে ধম্ম গ্রহণ করেনা। পুরোহিত হচ্ছে অশুভশক্তির প্রতীক। কারণ, সে কুসংস্কার সৃষ্টি করে।
(৩) ব্রহ্মের সঙ্গে মিলনের উপর প্রতিষ্ঠিত ধর্ম, মিথ্যা ধম্ম। 
    বুদ্ধ বলতেন, কোন কিছুকে সত্য বলে গ্রহণ করার পূর্বে তাকে অবশ্যই সঠিক যুক্তি-তথ্য দিয়ে প্রমান করতে হবে। অদৃশ্য বস্তু যদি কোনরূপ দৃশ্যমান রূপে প্রকাশ না পায় তাহলে সেটা বাস্তব নয়। বিদ্যুৎ আলো দান করে। আমরা আলো দেখে বিদ্যুতের বাস্তবতা স্বীকার করি। যদিও বিদ্যুৎ  অদৃশ্য। অদৃশ্য ব্রহ্মা তাহলে কি উৎপাদন করেন? তিনি কি দৃশ্যমান কোন ফল উৎপাদন করেন? উত্তর না। তাহলে ব্রহ্মা হচ্ছে কল্পনাপ্রসূত।
(8) আত্মার অস্তিত্বে বিশ্বাস ধম্ম নয়।
     যার অস্তিত্ব আছে তা কিন্তু আত্মা নয়, তা হচ্ছে মন। মন আত্মার কল্পনা থেকে স্বতন্ত্র।  আত্মার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা ব্রাহ্মণ্য ধর্মের অঙ্গ। ঈশ্বরের বিশ্বাস যতখানি কুসংস্কারের উৎস, আত্মার অস্তিত্বে বিশ্বাসও ততখানি কুসংস্কারের উৎস। প্রকৃত পক্ষে আত্মার অস্তিত্বে বিশ্বাস   ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের চেয়েও ভয়ংকর। কারণ, এটা শুধুমাত্র পুরোহিত শ্রেণীর জন্ম দেয়না, এটা কেবল সমস্ত কুসংস্কারের মূল উৎস নয়, এটা পুরোহিত সম্প্রদায়ের হাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপর নিয়ন্ত্রণ চালানোর ক্ষমতা দান করে।
     স্বতন্ত্র একটি সত্ত্বারূপে আত্মার অস্তিত্বের বিরোধী মতবাদকে বুদ্ধ নাম দিয়েছেন-‘রূপ’। আর অনুভূতিশীল বা বস্তুর সমষ্টিগত নামকে বলেছেন-‘নামরূপ’। বুদ্ধের বিশ্লেষণ অনুসারে অনুভূতিশীল  প্রাণী হচ্ছে একটি মিশ্র বস্তু, যার মধ্যে রয়েছে ভৌতিক উপাদান এবং কিছু মানসিক উপাদান। যেগুলিকে বলা হয়-‘খন্ড’। রূপখন্ড প্রধানত এই ভৌতিক উপাদানে গঠিত। সেই ভৌতিক উপাদান হচ্ছে ক্ষিতি, অপ, তেজ এবং মরুৎ। এই উপাদানগুলি শরীর বা রূপ সৃষ্টি করে। রূপখন্ড ছাড়া  আরো একটি বস্তু আছে। যার নাম হচ্ছে ‘নামখন্ড’। এই নামখন্ড অনুভূতিশীল প্রাণী সৃষ্টি করে। এই নামখন্ডকে বলা হয় ‘চেতনাশক্তি’। চেতনা শক্তি হচ্ছে অনুভূতিশীল প্রাণীর মূল কেন্দ্র। ক্ষিতি, অপ, তেজ ও মরুৎ এই চারটি উপাদানের আনুপাতিক মিলনের ফলশ্রুতি হচ্ছে-‘চেতনা’।
বুদ্ধ বলেছেন, যেখানে রূপ বা কায়া আছে সেখানেই তার সঙ্গে ওতপ্রোতভাবে চেতনা বর্তমান। একবার যদি চেতনাশক্তি উৎপন্ন হয় তাহলে  মানুষ একটি অনুভূতি সম্পন্ন প্রাণীতে পরিনত হবে। সুতরাং চেতনাশক্তি মানব জীবনে সর্বপ্রধান বস্তু।
(৫) যাগ-যজ্ঞে বিশ্বাস করা ধম্ম নয়।
(৬) কল্পনার উপর প্রতিষ্ঠিত বিশ্বাস ধম্ম নয়।
(৭) ধর্মগ্রন্থ পাঠ করা ধম্ম নয়।
     বুদ্ধ ছিলেন সকলের জন্য শিক্ষার প্রবল সমর্থক। তাছাড়া তিনি জ্ঞান সম্পর্কে যতটা চিন্তিত ছিলেন, তার থেকে বেশি চিন্তিত ছিলেন জ্ঞানের যথাযথ ব্যবহার সম্পর্কে। তিনি চাইতেন জ্ঞানবান ব্যক্তির অবশ্যই শীল (Virtue) থাকতে হবে। শীল বিনা জ্ঞান অত্যন্ত ভয়ংকর। তিনি বলতেন,    অনেক বিদ্যা অর্জন করতে না পারলেও চলবে। কিন্তু শীলবান হতে হবে। কারণ, আচরণ অর্থাৎ শীল হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়।
     মানুষ যদি কখনও অনেক বেশি জানতে পারে, কিন্তু তার সেই জ্ঞান যদি তার জীবনে আচরণের মধ্য দিয়ে প্রকাশ না পায় ক্ষমতার দম্ভ থেকে তাকে মুক্তি না দেয়, যে ক্ষমতা তাকে কেবল ধ্বংসের দিকে চালনা করে, তাহলে সেই জ্ঞান থেকে কি উপকার সে পাবে?
     কোন ব্যক্তি যদি হাজার খানেক স্তবক বার বার আবৃত্তি করতে পারে, কিন্তু তার প্রকৃত অর্থ যদি না বোঝে, তাহলে তার সেই না বুঝে বার বার আবৃত্তি করার তাৎপর্য, ভালভাবে বুঝে একটিমাত্র ছত্র আবৃত্তি করার সমকক্ষও হয়না। কারণ, শব্দের গুঢ় অর্থ ভালভাবে উপলব্ধি করতে  পারলে এবং শ্রবন করালে তা মানুষের চিন্তা-ভাবনাকে সংযত রাখতে সক্ষম।
(৮) ধর্মগ্রন্থ অভ্রান্ত-একথা বিশ্বাস করা ধম্ম নয়।
     ব্রাহ্মণরা ঘোষণা করেছিল বেদ শুধুমাত্র পবিত্র ধর্মগ্রন্থই নয়। কর্তৃত্বের প্রশ্নে বেদ শেষ কথা। বেদ অভ্রান্ত।
বুদ্ধ, ব্রাহ্মণদের এই দাবির  সম্পূর্ণ বিরোধী ছিলেন। তিনি বেদকে পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে স্বীকার করেননি। স্বীকার করেননি বেদের অভ্রান্ততাকে। তিনি বেদ সম্পর্কে বলেছেন,- “বেদ হচ্ছে জলশূন্য মরুভূমি, পথশূন্য এক মহারণ্য। বস্তুত সেখানে মৃত্যু অবধারিত। কোন বুদ্ধিপ্রসূত নীতিগত তৃষ্ণা নিয়ে বেদের দ্বারস্থ হতে পারেনা এবং আশাও করতে পারেনা যে, তার সেই তৃষ্ণা নিবারণ হবে।”
বেদের অভ্রান্ততা সম্পর্কে তিনি আরো বলেছেন, “এ জগতে কোন কিছু অভ্রান্ত নয়। প্রত্যকটি বস্তুই পরীক্ষা নিরীক্ষার অধীন।” এক্ষেত্রে মনেকরি, বুদ্ধ তাঁর জীবনের শ্রেষ্ঠ বাণী এখানে দিয়েছেন। সেটা হচ্ছে, “তোমরা যা শুনবে তাই বিশ্বাস করবে না। কেবল লোক পরম্পরায় যা চলে আসছে তা কখনো বিনা যুক্তিতে গ্রহণ করবে না। সাধারনত যে বার্তা রটে, তা বিশ্বাস করবেনা। যা ধর্মগ্রন্থে লেখা আছে, তার দ্বারাও চালিত হবেনা। যুক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম কূট তর্কে মুগ্ধ হবেনা। তর্কশাস্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্মা কৌশলেও নয়। শুধু বহিরঙ্গের রূপ দেখে ভুলবেনা। মনোরম বিশ্বাস ও অভিমত হলেই তার প্রতি আস্থা পোষণ করবেনা। বাইরের দিক থেকে খাতি মনে হলেও তা স্বীকার করবেনা। মুনি বা ঋষি অথবা কোন পূজ্য ব্যক্তি হলেই তার কথা মেনে চলবে, তাও নয়।”  
 তিনি আরো বলেছেন, “কারো কাছে কতৃত্বমূলক শিক্ষা গ্রহণের পূর্বে তোমরা কখনো মনে করবেনা এগুলি ধর্মগ্রন্থে আছে, অতএব তোমাদের কাছে গ্রহণ যোগ্য। কোন বিশ্বাস ও অভিমত যদি কোন গুরুজনদের দ্বারা প্রচারিত হয়, তবুও তাকে স্বীকার করে নেবে তা নয়। যে ধর্ম বিশ্বাস ও মতাদর্শ তোমরা শিক্ষা করতে চাও, আগে বিবেচনা করে দেখ তা স্বাস্থকর, না অস্বাস্থকর; তা প্রশংসনীয়, না নিন্দনীয়; তা শুভ অস্তিত্বের দিকে, না অশুভ অস্থত্বের দিকে চালনা করে। শুধুমাত্র এসব যুক্তি বিচার করেই কোন ব্যক্তির পক্ষে অন্য কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।”
এতক্ষণ ধর্ম এবং ধম্ম সম্পর্কে বলতে গেলে সংক্ষিপ্তভাবেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনাদের সিদ্ধান্ত জানান কোনটা সঠিক। এবিষয়ে আমার মতামত একটা  উদাহরণ দিয়ে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে Reservation বা সংরক্ষণের criteria (নির্ণায়ক) বা শর্ত ছিল– যারা সামাজিকভাবে ও ধর্মীয়ভাবে শোষিত; যাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়; যাদের সঙ্গে অস্পৃশ্যের মত ব্যবহার করা হয়। জঙ্গলে বসবাস করতে বাধ্য করা হয়। ইত্যাদি। তারা সংরক্ষণের সুবিধা গ্রহণ করতে পারবে। এখানে কিন্তু কোন আর্থিক ভিত্তিতে সংরক্ষণ নির্ধারণ করা হয়নি।
 কিন্তু বর্তমানে সংরক্ষণের প্রচার করা হচ্ছে আর্থিক ভিত্তি ও মেরিট ভিত্তি করে। যেটা সংরক্ষণের নীতির সঙ্গে সম্পর্কিত নয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে, ধর্মের ধারণাকে ধম্মের ধারণার সঙ্গে গুলিয়ে দিয়ে এর ভিত্তিকে নষ্ট করা হচ্ছে। এবার আপনারা  ভেবে দেখুন কোনটা সঠিক।

__________________________________ 
Read More

Friday, 6 January 2017

// // Leave a Comment

আমার ভগবান- জগদীশচন্দ্র রায়





আমার ভগবান।
জগদীশচন্দ্র রায় (মুম্বাই)
     ভগবান আছে কি নেই? আমি যদি বলি ভগবান আছে; তাহলে আমাকে কি মনে করবেন আমি আস্তিক? কি ভাবছেন এই লোকটির ভীমরতি হোল না কি? এতোদিন শুনে আসছি কোন ভগবান মানেন না; আর এখন বলছেন কিনা ভগবান আছে???  
আরে মশায় একটু দাঁড়ান না। একটু ধৈর্য ধরে নিচের কথাগুলো পড়ুন।
     হ্যা, আমি বলছি, ভগবান আছে। তবে আমার ভগবানের ব্যাখ্যা আর গতানুগতিক ব্যাখ্যা কিন্তু অন্যরকম। ভগবান= ভ+গ+ব+আ+ন
                     ভ>ভূমি-মাটি- ক্ষিতি-EARTH  
                     গ>গগন-আকাশ-ব্যোম- SKY
                    ব>বায়ু- হাওয়া-মরুৎ -AIR
                    আ>আগুন-তেজ-(SUN) ENERGY
                ন> নীর-জল –অপ্‌-WATER

   তাহলে আমার ভগবান এই পাঁচটি উপাদান নিয়ে গঠিত। যাকে প্রকৃতি বলা হয়। যাকে পঞ্চভুতও   বলা হয়। অর্থাৎ প্রকৃতির অপর নাম ভগবান।  আর এই প্রকৃতির পাচঁটি উপাদানকেই ভগবান নাম দেওয়া হয়েছে।
 কিভাবে এই প্রকৃতির পাঁচটি উপদানকে ভগবান নাম দেওয়া হয়েছে, আসুন এর বিশ্লেষণে আরো একটু প্রবেশ করা যাক।
    বিশ্বের যাকিছু সৃষ্টি-ধ্বংস, সব কিছু এই পঞ্চভুতের মধ্যে বিরাজ মান। একটু ভাবুনতো আপনার যে শরীরটা; এই শরীরে বায়ু চলাচল করছে। এর অনুপস্থিত মানে আপনার অবস্থা বুঝেনিন। আপনি যে খাবার খাচ্ছেন যে খাবার থেকে আপনার শরীরে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা কিভাবে? শক্তি (Energy)’র মূল উৎস সূর্য এটা জানেন কি? উদ্ভিদ তার খাদ্য তৈরীর জন্য ঐ সূর্য থেকে আলো গ্রহণ করে, আর পরিমানমত জল ও খনিজ পদার্থ গ্রহণ করে সালোক সংশ্লেষণের (Photo synthesis system) মাধ্যমে খাদ্য তৈরী করে। এটা নিশ্চয় মাধ্যমিক পর্যায়ে পড়েছেন বা জানেন। সেই উদ্ভিদকে মানুষেরা বা অন্য প্রাণীরা বিভিন্ন প্রকৃয়ায় বা সরাসরি গ্রহণ করে। আবার বিভিন্ন প্রাণীকে মানুষ তথা অন্যান্য প্রাণী খায়। আর এই খাওয়ার ফলে শরীরে শক্তি উৎপন্ন হয়। আশাকরি, বোঝাতে পারলাম। তাহলে আপনার শরীরে বায়ু লাগবে বেঁচে থাকার  জন্য। খাদ্য গ্রহণ করতে হবে শরীরে শক্তি উৎপন্নের জন্য ও শরীরের বৃদ্ধির জন্য এবং চেতনার বিকাশের জন্য। আর সঙ্গে আপনার শরীরে জলের প্রবেশও অবশ্যম্ভাবী সেটাও ভালো করে জানেন।
 তাহলে আমরা আপাতত দেখছি, পঞ্চভুতের তিনটি ভুতকে আমরা গ্রহণ না করলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। তারপরে ধরুন, এই শরীরের চেতনা কোন কারণে বন্ধ হয়ে গেল। তখন কি হবে বা হয়? তখন শরীরের জন্য আর শক্তির প্রয়োজন হয় না। শরীরে যে জলযুক্ত পদার্থ থাকে সেটা ঐ শরীরকে দাহ বা সমাধি দিলে বেরিয়ে যায়। আর বাকি থাকে শরীরে মাংস ও হাড়; সেগুলোও ঐ দাহ বা সমাধির মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিনত হয়। কি ঠিক বোঝাতে পারলাম কি?
তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটা জীবের সৃষ্টির জন্য প্রধান উপাদান হচ্ছে পঞ্চভুতের চারভুত। ব্যোম বা মহাশূণ্যকে জীব সৃষ্টির জন্য প্রয়োজন হয়না। আর মৃত্যুর পরে আবার এই চারটি উপাদান নিজের জায়গায় চলে যায়। যদিও বলা হয় মৃত্যুর পর পঞ্চভুতে বিলিন হয়েগেছে।

     এবার কিছু প্রশ্নের উত্তরে আসি। যেমন বলা হয় বাচ্চা হচ্ছে ভগবানের রূপ। সত্যিইতো। কারণ, বাচ্ছা জন্মের জন্য প্রকৃতির চারভুতের পরিমানমত মিশ্রণের প্রয়োজন, যেটা জীব সৃষ্টির আদিতে ঘটেছিল। এর পরে প্রজননের মাধ্যমে বাচ্চার জন্ম হয়। আর জন্মের পর তিনটি ভুত সব সময় দরকার।
আবার বলা হয়, ভগবানের ইচ্ছা না হলে গাছের পাতাও নড়ে না। এটাও একদম ঠিক কথা। কিকরে? কেন গাছের পাতা নড়তে হলে ভগবানের পাঁচ ভুতের মধ্যে থেকে বাতাসকে ডাকতে হবে। সে না আসলে কি করে নড়বে। আর না হলে আপনাকেই নাড়া দিতে হবে। এখানেও আপনি সেই ভগবানের উপাদানের মিশ্রণে তৈরী প্রাণী বা মানুষ।
সব চেয়ে বড় প্রশ্ন হচ্ছে- বলা হয় এই বিশ্ব ব্রহ্মান্ড ভগবান সৃষ্টি করেছে। হ্যা, এই বিশ্ব ব্রহ্মান্ড ভগবানই তৈরী করেছে। আশাকরি, এর বিশ্লেষণের আর দরকার নেই।
আরো বলা হয়, ভগবান স্বয়ম্ভু। এর কোন সৃষ্টি কর্তা নেই। এটাও সঠিক কথা। আমার ভগবান স্বয়ম্ভু। এর কোন সৃষ্টি কর্তা নেই। থাকতেও পারেনা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বে যাকিছু ঘটনা ঘটছে, সবকিছু এই পঞ্চভুতকে নিয়ে। এর থেকেই সৃষ্টি আর এতেই বিনাশ।
    এবার প্রশ্ন হচ্ছে এতোতো বুঝলাম। তাহলে আর ভগবান বলার কি প্রয়োজন? প্রকৃতি ও তার পাঁচটি উপাদান বা পঞ্চভুত বললেই হয়? না তা হয় না। কেন? তাহলে তথাকথিত ধর্মীয় ব্যবসা কিভাবে চলবে? মানুষকে কিভাবে বৌদ্ধিকভাবে অন্ধ বা বোকা বানিয়ে রাখা যাবে?
এরপরেও আপনাদের মনে একটি প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে আত্মা নিয়ে। আপনারা শুনে থাকবেন মৃত্যুর পরে আত্মার মৃত্যু বা ধ্বংস হয় না। তাকে কোন ভাবে নষ্ট করা যায়না। ইত্যাদি। এখানে আমার একটা প্রশ্নের মধ্যে দিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। বৈদ্যুতিক আলো যখন নিভে যায় তখন সেটা কোথায় যায়? একটা প্রদীপ যখন নিভিয়ে দেওয়া হয় তখন সেই  অগ্নিশিখা কোথায় যায়? আশাকরি, কেউ কেউ কিছুটা আবার কেউ কেউ সবটার উত্তর পেয়েগেছেন।
     এবার একটু বিশ্লেষণে যাওয়া যাক। কোন প্রদীপের তেল ও সল্‌তের মিশ্রণে আলো জ্বলতে  থাকে বাতাস থেকে অক্সিজেন নিয়ে
। এর যেকোন একটা বন্ধ করে দিলে আলো জ্বলবে না। আবার প্রাণীর বা মানব শরীরে খাদ্য ও পানীয় গ্রহণের মাধ্যমে শক্তির উৎপন্ন হচ্ছে। এই শক্তির   ফলে চেতনার সঞ্চালন হচ্ছে বা আমরা বলতে পারি মনের প্রকৃয়া ঘটছে। তাহলে এর উৎস হচ্ছে খাদ্য দ্রব্য ও পানীয়ের মাধ্যমে শক্তির উৎপাদন। যখন শরীর আর এই শক্তি উৎপাদন করতে  পারবেনা তখন চেতনা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এবার আপনারা যদি এই চেতনাকে আত্মা নাম দেন তাহলে সেটা ততক্ষণই স্থায়ী থাকবে যতক্ষণ শরীরে চেতনা বইতে থাকবে। চেতনার বন্ধ মানে শরীরের মৃত্যু সঙ্গে চেতনার মৃত্যু। তাই মৃত্যুর পরে আত্মার অস্তিত্বকে বিশ্বাস করা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের অঙ্গ। ঈশ্বরের বিশ্বাস যতখানি কুসংস্কারের উৎস, আত্মার অস্তিত্বে বিশ্বাসও ততখানি কুসংস্কারের উৎস। প্রকৃত পক্ষে আত্মার অস্তিত্বে বিশ্বাস ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের চেয়েও ভয়ংকর। কারণ, এটা শুধুমাত্র পুরোহিত শ্রেণীর জন্ম দেয়না, এটা কেবল সমস্ত কুসংস্কারের মূল উৎস নয়, এটা পুরোহিত সম্প্রদায়ের হাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপর নিয়ন্ত্রণ চালানোর ক্ষমতা দান করে।
এই লেখা শেষ করছি ছোট্ট একটা উদাহরণ দিয়ে-
মহাকবি তারক সরকার রচিত গ্রন্থ শ্রীশ্রীহরি লীলামৃতে ৭৩ পৃষ্ঠায় (ঠাকুর নগর প্রকাশ ২০০৯) দেখতে পাই- “তুমি-স্থুল আমি-সূক্ষ্ম উভয়ে অভিন্ন।
              দেহ আত্মা মোরা দোঁহে মূলে নহি ভিন্ন।।”
এখানে “তুমি” কে? তুমি হচ্ছে আমার এই শরীর বা দেহ। আর “আমি” হচ্ছে- আমার এই দেহের ভিতরের চেতনা শক্তি। যাকে আত্মা বলা হয়েছে। তাই বলা হয়েছে-
                             তুমি স্থুল আমি শুক্ষ, উভয়ে অভিন্ন ।
                             দেহ আত্মা মোরা দোহে মূলে নহি ভিন্ন।।  - অর্থাৎ দেহের আকার স্থুল বা বড় কিন্তু এর অভ্যন্তরের আত্মা হচ্ছে শুক্ষ, তবে এই দুটো সত্ত্বা একত্রিত । একটা ভিন্ন অন্যের অবস্থান অসম্ভব। তাই-দেহ আত্মা মোরা দোহে মূলে নহি ভিন্ন।।  শরীরের বা দেহের মৃত্যুর পরে আত্মার ও বিনাশ ঘটে। দেহের বাইরে আত্মার অস্থিত্ব বলে কিছু নেই।
এই হচ্ছে আমার ভগবানের ব্যাখ্যা। আর এই ব্যাখ্যা অনুসারে আমি চরম আস্তিক। এবার আপনারা বলুন, আমার ভগবানের ব্যাখ্যা কি ঠিক লাগল। আপনারা সহমত কি না?     
____________________________




Read More

Monday, 26 September 2016

// // Leave a Comment

প্রকৃতি ও সত্যের প্রতীক নবদুর্গা কলাবৌ লেকখঃ- কাশ্যপ


প্রকৃতি ও সত্যের প্রতীক নবদুর্গা কলাবৌ
লেকখঃ- কাশ্যপ
     ভারতের পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম রাজ্যে এবং বাংলাদেশে বাঙালির সব চেয়ে বড়ো      উৎসব শারদীয়া উৎসব বা দুর্গা পূজা। ১৯৪৭ সালে দেশভাগ এবং একই সঙ্গে বাংলাভাগের ফলে ভারতের বিভিন্ন অবাঙালী অধ্যুষিত অঞ্চলে বসবাসকারী বাঙালিরাও দুর্গাপূজা করে থাকে। কিন্তু দুর্গাপূজার প্রকৃত ইতিহাস সামান্য কিছু বাঙালি জানে। দুর্গাপূজা সর্ব প্রথম চালু হয় বাংলায়।  দুর্গাপূজা শুরু হয় আজ থেকে আনুমানিক ১২০০-১৩০০ বছর আগে।  
   ১২০০-১৩০০ বছর আগে দুর্গাপূজার প্রচলন ছিলনা। ঐ সময়ের আগে বঙ্গ প্রদেশে প্রচলিত  ছিল প্রকৃতি ও সত্যের প্রতীক “নবদুর্গা বাকলাবৌ”-এর পূজার। যাঁরা দুর্গা পূজা করেন তাঁরা নবদুর্গা বা কলাবৌ-এর বিষয়টা একদম জানেন না।
     ‘নবদুর্গা’- আক্ষরিক বিশ্লেষণ হ’ল নব-মানে ‘নয়’ দুর্গা-মানে দুর্গতিনাশিনী বা বিপদ থেকে  রক্ষাকারী। আর্যরা বা ব্রাহ্মণবাদীরা ভারতবর্ষে আসবার পূর্বে ভারতীয় মূলনিবাসী তথা অনার্য বা ভারতের আদিবাসিন্দারা এমন ‘নয়’ রকম গাছের সংস্পর্শে এসেছিল যার মধ্যে নানান ধরণের গুণ ছিল। ঔষধীয় গুণ, খাদ্য গুণ ইত্যাদি। অনার্য ভারতীয়গণ ঐ নয় রকম গাছের পূজা করত দেবী দেবতা জ্ঞানে নয়, ‘উপকারী জিনিস’-এই হিসাবে। পরবর্বতীকালে বিদেশী আর্যরা  গাছের মধ্যে দেবত্ব বা দেবীত্বভাব আরোপিত করে । ভারতের মূলনিবাসী তথা অনার্য তকমা দেওয়া মানুরা,এই নয় রকম গাছের মধ্যে এই ঔষধীয় ও খাদ্য দুই গুণই পেয়েছিল। সেগুলি হ’ল-  
(১) কলা (২) কচু (৩) হলুদ (৪) জয়ন্তী (৫) অশোক (৬) বেল (৭) ডালিম (৮) মান (৯) ধান।  
কলাগাছ সহজে সংগ্রহ করা যায়। প্রতীক হিসাবে কলা গাছের আকৃতিও সুন্দর। তাই প্রাচীন ভারতীয় মানুষ সংঘবদ্ধভাবে ভক্তিভাবে নির্দিষ্ট স্থানে কলাগাছ রেখে এবং কলা গাছের নিচে বাকি ৮টি গাছের প্রতীকি নমুনা সাজিয়ে জ্ঞানী মানুষ তথা মুনিরা (ঋষিরা নয়) ঐ নয়টি গাছের গুণাবলী  সম্পর্কে মানুষকে উপদেশ দিতেন। এটিই ছিল প্রাচীন ভারতের নিয়মাবলী। বিশেষভাবে বাংলায়।
নয়টি গাছের এবং তার ফলের গুণাবলী-
(১) কলাঃ- (ক) কলা একটি পুষ্টিকর খাদ্য। (খ) পালাজ্বর বা দু’দিন অন্তর জ্বর –তার ঔষধ কলা।  (গ) যকৃত, অগ্ন্যাশয়, কিডনি ভাল রাখে কলা। (ঘ) ডিসেন্ট্রি রোগেরও ভাল ঔষধ কলা (ঙ)  মৃতবৎসা নারীর পক্ষে উপকারী কলা। (চ) শিশুর মাতৃ বিয়োগ হলে ঐ শিশুর মাতৃদুগ্ধের অভাব পূরণ করে কলা। (ছ) কলা আর তার দ্বিগুণ ওজনের ছাতু এক সঙ্গে মিশিয়ে খেলে স্বাস্থ্য ও সৌন্দর্য্য বৃদ্ধি পায়। কলার এই অশেষ গুণের জন্য কলার অপর নাম ব্রাহ্মণী শক্তি। তাই আর্যপূর্ববর্তী ভারতীয়রা কলাকে সম্মান করতেন বা পূজা করতেন তার গুণাবলীর জন্য।  
(২) কচুঃ- কচুর খাদ্যগুণও যথেষ্ঠ। বিশেষ করে কিডনির পক্ষে ভীষণ ভাল।
(৩) হলুদঃ- হলুদ একটি ভাল মশলা। বিষক্রিয়া নাশকও বটে। কাঁচা হলুদ চর্ম রোগের ঔশধ। যেখানে অনেক লোক জড় হয় সেখানে রোগ ছড়াতে পারে। প্রাচীনবাংলায় তাই জড় হওয়া লোক বাড়িয়ে গিয়ে কাঁচা হলুদ বেঁটে গায়ে মাখত, যাতে রোগের জীবানু ধ্বংস হয়। অথবা সামাজিক উৎসবের আগে সবাই গায়ে কাঁচা হলুদ বাঁটা গায়ে মাখত। একই উদেশ্যে বিয়ের সময় ছেলে এবং  মেয়েকে কাঁচা হলুদ বেঁটে স্নান করান হয় ঐ রোগ মুক্তির জন্যই। যা বর্তমানে গাত্রহরিদ্রা নামে পরিচিত।
(৪) জয়ন্তীঃ- জয়ন্তী মূল ঔষধ তৈরীতে লাগে। জয়ন্তী ধবল কুষ্ঠের মহাঔষধ। সাত রকম কুষ্ঠের চার রকমের কুষ্ঠ জয়ন্তীর মূলেই সেরে যায়। তাই জয়ন্তী গাছকে মানুষ সম্মান জানাত বা পূজা করত।
(৫) অশোকঃ- যাকে হিন্দিতে বলে সীতা অশোক। এই অশোক হল সমস্ত স্ত্রী ব্যাধির মহাঔষধ অশোক গাছ থেকে মদ বা ঔষধ তৈরী হয় তাকে বলা হয় অশোকারিস্ট বা অশোক সিরাপ।
(৬) বেলঃ- কাঁচা বেল সমস্ত উদর বা পেটের রোগের সবচেয়ে ভাল ঔষধ। কাঁচা বেল পুড়িয়ে  খেতে হয়। একদম কচি বেল রোদে শুকিয়ে গুড়ো বা ছাতুর ন্যায় করে হাল্কা মধু দিয়ে খেতে হয়।  তাহলে দীর্ঘ দিনের আমাশয় থেকে মুক্তি পাওয়া যায়। বেলের অশেষ গুণের জন্য এর অপর নাম শ্রীফল।
(৭) ডালিমঃ- ডালিমের ছাল, শেকড় ও ফুল সমস্তই স্ত্রীরোগের খুব ভাল ঔষধ বর্তমানে ক্যানসার  আক্রান্তদের কেমো বা রে দেবার সময় বেশি করে ডালিম ফলের রস খেতে বলা হয়। ডালিমের এতই গুণ।
(৮) মানঃ- যাকে বলা হয় ওল। গরমের সময় এর খাদ্য গুণ শরীরকে ঠান্ডা রাখে। অত্যাধিক গরমে মানুষের নাক দিয়ে রক্ত পড়ে; সেই সময় মান এর রস ঔষধের কাজ করে। তাই মান খাদ্য এবং ঔষধ দুই-ই।
(৯) ধানঃ- ধান থেকে চাল, চিড়া, খই সবটাই মানুষের বেঁচে থাকার উপাদান পাওয়া যায়।  প্রাচীনকালে ভাত পচিয়ে মদ তৈরী হ’ত যা থেকে নানা ধরনের ঔষধ তৈরী হ’ত।
      এই নয় রকমের গাছের বিশেষ গুণ থাকায় মানুষ এই গাছ গুলোকে শ্রদ্ধা করত। এই নয়টি গাছের একত্রিত নাম ছিল চন্ডিকা শক্তি। এই নয় রকমের গাছপালা-এর মধ্যে যে চন্ডিকা (শক্তিশালী) শক্তির অভিব্যক্তি তার মিলিত শক্তির নাম হল নবচন্ডী। আর এই নয় রকম গাছের মিলিত নাম হল নবপত্রিকা। আজ থেকে ১৩০০ বছর আগে বাংলায় এই নবপত্রিকার পূজাই প্রচলিত ছিল। কলাগাছকে কেন্দ্র করে বাকি আটটা গাছের প্রতীকি জড় করে পূজা করা হত।
    আজ থেকে বাংলায় ১৩০০ বছর আগে যখন কাল্পনিক দুর্গাপূজার প্রচলন হ’ল তখন কৌশল করে দুর্গাপূজাকে প্রচার প্রসারের জন্য গাছের ঔ নয়টি শক্তিকে নাম দেওয়া হল নবদুর্গা এবং দুর্গাপূজার সঙ্গে কাল্পনিক চরিত্র লক্ষ্মী, গনেশ, কার্তিক প্রভৃতির সঙ্গে সঙ্গে নয় নয়টি গাছের মিলিত শক্তিকে কলাবৌ সাজিয়ে স্থান দেওয়া হল।
    লজ্জার বিষয় বাঙালী সমাজ দুর্গাপূজায় মেতে ওঠে; কিন্তু ঔ কলা ‘বৌ’ রূপী নবদুর্গার প্রকৃত ইতিহাস জানেনা। প্রকৃতি এবং সত্যের প্রতীক ঐ কলাবৌ বা নবদুর্গাই যে আসল। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ সবটাই কাল্পনিক এবং মিথ্যা। সত্যের পূজা না করে বাঙালী মিথ্যার পূজার করে চলেছে।
(সহায়ক গ্রন্থঃ ‘নমঃশিবায় শান্তায়’ -লেখক আন্দমূর্তি) 




Read More

Sunday, 25 September 2016

// // Leave a Comment

দুর্গাপূজার উৎপত্তি-সম্পদনা- ডাঃ সুধাংশু শেখর মালাকার




দুর্গাপূজার উৎপত্তি

(সৌজন্যে- শ্রীশ্রী গোপালচাঁদ চরিত্র সুধা। লেখক শ্রী শ্রীকান্ত ঠাকুর।

সম্পদনায়- ডাঃ সুধাংশু শেখর মালাকার, পৃষ্ঠাসংখ্যা-৪৬৮-৪৭১)

       সম্রাট আকবরের রাজত্বকালে ১৫৮০ খ্রিষ্টাব্দে রাজশাহী জেলার তাহেরপুরের জমিদার কুল্লভট্টের পুত্র কংস নারায়ণ প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে মহাধুমধামে দুর্গাপূজা করেছিলেন। তারপর থেকেই ক্রমে ক্রমে বাংলার ঘরে ঘরে এই পূজার প্রচলন হয়েছে। এই জন্যই বলা হয় চণ্ডীর জন্ম বাংলাদেশে।

দুর্গা ও কালীর উদ্ভব সম্বন্ধে দুটি কথা

     মানচিত্রের দিকে তাকালে দেখা যায় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে (সিন্ধু ও বেলুচিস্থানে) শিবকে দিয়ে হিন্দুর যাত্রা শুরু এবং পূর্বাঞ্চলে দুর্গা ও কালীকে দিয়ে তার শেষ।

     বাংলাদেশের নাটোর জেলার তাহেরপুর পরগনায় জমিদার কংসনারায়ণ নিজের ক্ষমতা, আভিজাত্য ও ধনৈশ্বর্য জাহির করার উদ্দেশ্যে অভিনব কিছু করার ইচ্ছা প্রকাশ করলে তার কুলগুরু তাকে দুর্গাপূজা করার প্রস্তাব করেন। ‘এর আগে কেউ কখনও দুর্গার নাম শোনে নি। অতএব, লোকে তা মানবে কেন’ জমিদারের এ সন্দেহ ছিল। জনসাধারণ কর্তৃক মেনে নেবার দায়িত্ব নিয়ে কুলগুরু তাকে আশ্বস্ত করেন। কংসনারায়ণের সভাপণ্ডিত ছিলেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার জন্মস্থান নদীয়া জেলার রাণাঘাট মহকুমার প্রায় এক ক্রোশ দক্ষিণ-পশ্চিমে স্থিত ফুলিয়া গ্রামে। কুলগুরু এই কৃত্তিবাসের সঙ্গে পরামর্শ করে বাংলায় রামায়ণ তর্জমা করান। সংস্কৃত রামায়ণে দুর্গার কোনই উল্লেখ নেই। সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করানোর সময় কৃত্তিবাসকে দিয়ে কংসনারায়ণের  কুলগুরু রামায়ণের মধ্যে প্রক্ষিপ্ত করান যে, রাম অকালবোধন করে দুর্গাপূজা করেছিলেন। বাংলার সাধারণ জনগণ সংস্কৃত জানে না, প্রায় নিরক্ষর। রামায়ণের দোহাই দিয়ে জমিদার কংসনারায়ণকে দিয়ে দুর্গাপূজা করিয়ে জনগণকে গ্রহণ করালো। তখনকার আমলে (আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথমার্দ্ধে) নয় লক্ষ টাকার অধিক খরচ করে চোখ ধাঁধানো জাকজমকপূর্ণ পূজা প্রথম প্রচলন করা হয়। এত ব্যয়বহুল পূজায় পুরুত ঠাকুর কি বিরাট পরিমাণ দক্ষিণা পেয়েছিলেন পাঠক একবার অনুমান করুন। এ জন্যই দুর্গাপূজার আর এক নাম বড় পূজা। এ পূজা বাংলার বাইরে অবাঙালি হিন্দুর মধ্যে প্রচলন নেই বললেই চলে। যেখানে বাঙালি সেখানেই দুর্গাপূজা। বহু আদিবাসী এই দুর্গাপূজার সময় শোক পালন করে। তা হলে কি বলা অত্যুক্তি হবে যে, দুর্গার পিতা জমিদার কংসনারায়ণ, জন্মভূমি বাংলাদেশের নাটোর জেলার তাহেরপুর পরগণায়, পঞ্চদশ শতাব্দীর প্রথমার্দ্ধে ?

কৃত্তিবাসী রামায়ণের আদি নাম ছিল ‘শ্রী রাম পাঁচালি’

     পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ। শ্রীরামপুর মিশন প্রেস থেকে জয়গোপাল তর্কালঙ্কার সম্পাদিত কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-১৮০৩ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশিত হয় ১৮৩০-১৮৩৪ সালে। পরবর্তী চার শতাব্দীতে কৃত্তিবাসী রামায়ণের প্রভূত পরিবর্তন সাধিত হয়। রামায়ণে কৃত্তিবাস দুর্গার অকালবোধন লিখিতভাবে আমদানী করলেন পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে, সেই সূত্রে ২০১৪ সালে দুর্গার বয়স হয় আনুমানিক ৫৬৪ বছর।

History & Origin of Durga Puja

-By Subhamoy Das, About.com Guide

The First Durga Puja in Bengal the first grand worship of Goddess Durga in recorded history is said to have beed celebrated in the lage 1500s. Folklores say the landlords or zamindar of Dinajpur and Malda initiated the first Durga Puja in Bengal. According to another source, Raja Kangshanarayan of Taherpur or Bhabananda Mazumdar of Nadiya organized the first Sharadiya or Autumn Durga Puja in Bengal in c1606.

 

* দুর্গাপূজার উৎপত্তি ও বছরে ৩ বার কেন দুর্গা পূজা হয়

  এ প্রশ্নের উত্তরে আচার্য সুভাষ শাস্ত্রী তাঁর “অমৃতালোক” গ্রন্থের ১০৫ থেকে ১০৬ পৃষ্ঠায় বলেছেন:-

     মূর্ত্তি পূজার পক্ষে প্রামাণ্য শাস্ত্রে কোন নির্দেশ নাই। তথাকথিত ব্রাহ্মণেরা দেব-দেবীর স্রষ্টা। কৃষিপ্রধান ভারতবর্ষে শ্রমজীবী কৃষকদের অর্থ সম্পদ শোষণ করা এবং জমিদারদের খেয়ালী মনের পূর্ণতা দানের জন্য কল্পিত পুঁথি রচনা করে “দুর্গাপূজা” সৃষ্টি করা হয়েছিল।

     ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে রাজশাহী জেলার চলন বিলের পার্শ্বে জমিদার কংসনারায়ণ এর দ্বারা শরৎকালে প্রথম দুর্গাপূজা হয়েছিল। এই পূজার উৎপত্তির মহা তিন নায়ক হলেন (১) জমিদার কংসনারায়ণ, (২) তাঁর সভাপতি কৃত্তিবাস ওঝা, এবং (৩) তাঁর বংশের পুরোহিত রমেশ শাস্ত্রী। কৃত্তিবাস ওঝা পয়ার ছন্দে গোঁজামিল দিয়ে কাল্পনিকভাবে মূল বাল্মিকী রামায়ণের নকল করে বাংলা ভাষায় রামায়ণ রচনা করে ‘দুর্গাপূজা’ ঢুকিয়ে দেন। আর রমেশ শাস্ত্রী কঠোর চেষ্টা করে চণ্ডীপাঠের পুস্তক ও দুর্গাপূজার পদ্ধতি রচনা করেন। সেই সময় আট লক্ষ টাকা খরচ করে প্রথম দুর্গাপূজা হয় চলনবিলে। এই পূজার আয়োজন দেখে পাশের ভাতুরিয়া পরগণার জমিদার জগৎ নারায়ণ বসন্তকালে দুর্গাপূজা করেন। তিনি খরচ করেন নয় লক্ষ টাকা। এই দুই জমিদারের নাম কেনা-বেচা এবং প্রভাব বিস্তারের জন্যই বাংলা এলাকায় দুর্গাপূজার উৎপত্তি ও প্রসার বলে ঐতিহাসিকেরা মনে করেন। মূল বাল্মীকি রামায়ণে কোন দেব-দেবী ও দুর্গাপূজার নামগন্ধ নেই। সুরথ রাজা দুর্গাপূজা করেছিলেন বলে মার্কণ্ডেয় পুরাণে যে কাহিনী আছে তা অনৈতিহাসিক। ফলে সুরথ রাজার ‘দুর্গাপূজা’ করার ঘটনাও মিথ্যা। ফলে ভারতবর্ষের অন্য হিন্দু জনসমাজ দুর্গাপূজা করেন না একমাত্র বাঙালি জনসমাজ ছাড়া। সুরথ রাজা এবং রামচন্দ্র যদি দুর্গাপূজা করেই থাকেন তবে ভারতবর্ষের অন্য স্থানে এবং অযোধ্যায় দুর্গাপূজা নেই কেন? সমগ্র বাংলা এলাকা, আসাম এবং বিহারের কিছু অংশে দুর্গাপূজার বহুল প্রচলন কারণ বাঙালি যেখানে আছে সেখানেই  ‘দুর্গাপূজার’ ছড়াছড়ি। ভারতবর্ষের সংস্কৃত সাহিত্য, প্রামাণ্য পুস্তকসমূহ এবং হিন্দী সাহিত্যে দুর্গাপূজার কোন কথা নেই বলে তাঁদের আচরিত ধর্মে দুর্গাপূজার স্থান নেই। অথচ কৃষিপ্রধান লা এলাকায় দুর্গাপূজা প্রচলন করে পুরোহিত এবং জমিদার নামক শোষকেরা। একটু ভেবে দেখুন এক বছরের মধ্যে তিন বার তিন ভাবে দুর্গাপূজার নামে কৃষি প্রধান শ্রমজীবী লোকদের শোষণ করা হয়। কৃষকেরা চৈত্র-বৈশাখ মাসে কঠোর পরিশ্রম করে আউশ ধান, পাট এবং আমন ধান রোপণ করেন। শ্রাবণ ও ভাদ্র মাসে আউশ ধান এবং পাট কৃষকের ঘরে এলে এই সময় শরৎকালে ‘দুর্গাপূজার’ বিধান দিয়ে কৃষকদের আউশ ধান এবং পাট বিক্রয়ের অর্থ শোষণ করা হয়। মাত্র কিছুদিন পরেই কার্তিক মাসে আবার ‘কাত্যায়নী’ পূজা নাম দিয়ে আশ্বিন মাসে যে দুর্গাদেবী ও তার বাহিনীকে ‘বিসর্জন’ দিয়ে ত্যাগ করা হলো বা মেরে ফেলা হলো সেই দুর্গাদেবীকে পুনরায় সাধারণ মানুষদের শোষণ করার জন্য আবার ডেকে আনা হলো ব্রাহ্মণদের মন্ত্রের জোরে। পুনরায় চলল ধর্মের নামে তথাকথিত শূদ্রদের অর্থ সম্পদ শোষণ। ফাল্গুন মাসে আমন ধান ও চৈতালী ফসলের টাকা শোষণ করার জন্য ‘বাসন্তী’ পূজার নামে দুর্গাদেবী এবং তার বাহিনীকে ডেকে আনা হয় পুনরায় কৃষকদের সকল অর্থ সম্পদ ‘বাসন্তী’ পূজার নামে শোষণ করার জন্য। ভেবে দেখুন এক মা দুর্গা ও তার সাথের সকলকে তথাকথিত পুরোহিতের দল তিনবার তিনভাবে ডেকে এনে সমাজকে শোষণ করছে। এ সকল ঘটনায় বুঝতে পারা যায় তথাকথিত দেব-দেবীরা পুরোহিতদের মন্ত্রের দাস। তারা দেব-দেবীকে ইচ্ছেমতো মন্ত্রের জোরে ডেকে আনে আবার ইচ্ছামত বিসর্জন দেয় বা মেরে ফেলে। কারণ একটাই তা হলো শূদ্র নাম দিয়ে বৃহৎ জনসমাজকে ধর্মের নামে শোষণ এবং শাসন করা। এমনিভাবে হরেক রকম দেব-দেবীর কাল্পনিক মূর্তি, পুরাণ, উপপুরাণ এবং অন্য বহু কাল্পনিক গাল-গল্পকে ধর্ম নাম দিয়ে অধর্মযুক্ত পুস্তক রচনা করে কৌশলে জনসমাজের উপর ব্রাহ্মণ বা পুরোহিতের দল সমাজের উপর চালাচ্ছে শোষণ ও লুণ্ঠন।

_____________________

Read More

Sunday, 28 August 2016

// // Leave a Comment

ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে বাবা সাহেব আম্বেদকর

ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে 
বাবা সাহেব আম্বেদকর
      আমরা প্রায়ই শুনে থাকি, যে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদ আলাদা। অনেক ব্রাহ্মণই ব্রাহ্মণ্যবাদ-এর ধাজিয়া উড়িয়েছেন। অনেক ব্রাহ্মণ টেনে আনা হয় যে, তাঁরা মূলনিবাসী মহামানবদের সংগ্রামে  সহযোগীতা করেছেন। ইত্যাদি ইত্যাদি। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, ক’জন ব্রাহ্মণ জাতিব্যবস্থা নির্মূল করার জন্য সংগ্রাম করেছেন? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে আপনারা বলতে পারেন বর্তমানে অনেক ব্রাহ্মণতো তাঁদের পদবী মুছে দিয়ে পৈতে ফেলে দিয়ে মূলনিবাসীদের  আন্দোলনে সামিল হচ্ছে। ইত্যাদি ইত্যাদি। জানি, আমাদের মধ্যে পন্ডিতের অভাব হবে না ব্রাহ্মণদের ঢাল হয়ে সামনে আসার জন্য।   
    যাইহোক, এ বিষয়ে বাবা সাহেব তাঁর জাতব্যবস্থার বিলুপ্তি (Annihilation of Caste) বইয়ে জাত ব্যবস্থা ধ্বংসের পথ-নির্দেশের প্রশ্নটির উপর  বেশি গুরুত্ব দিয়ে তিনি  বলেছেন, “আমার মতে, এই কাজ করা প্রায় অসম্ভব। আপনারা হয়তঃ এটা জানতে চাইতে পারেন যে, আমি এরকম কেন বলছি? যেসব কারণগুলি আমার মনে এই বিশ্বাস তৈরী করেছে,  তার কয়েকটি আমি উল্লেখ করব, যেগুলোকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তার মধ্যে একটি   হল-  বিদ্বেষ ভাবনা (attitude of hostility)।  ব্রাহ্মণরা   জাত ব্যবস্থা ধ্বংস করতে চায় না।  বরং যাঁরা এটা নষ্ট করার জন্য আন্দোলন করছে, তাঁদের বিরোধিতা করাই এঁদের কাজ। ভারতবর্ষে রাজনৈতিক সংস্করার এমনকি অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছে ব্রাহ্মণরা। কিন্তু জাত ব্যবস্থার নির্মূল করণ আন্দোলনের অংশগ্রহন  করার জন্য ব্রাহ্মণদের পাওয়া যায় না। জাত ব্যবস্থার বাঁধা ভাঙ্গতে সেনাবাহিনী গড়তে এগিয়ে আসে না।
      এরকম আশা করা যেতে পারে কি, ভবিষ্যতে  কোন ব্রাহ্মণ এই জাত ব্যবস্থা ধবংসের জন্য নেতৃত্ব করবেন? আমি বলছি- কখনও নয়। আপনারা জানতে চাইতে পারেন যে, এই পিছনে কারণ কি যার জন্য ব্রাহ্মণরা সমাজ সংস্কার থেকে দূরে সরে থাকে? আপনারা হয়তঃ তর্ক করবেন যে, ব্রাহ্মণরা জানে যে, হিন্দু সমাজের ধ্বংসের কারণ হল জাত-ব্যবস্থা। উচ্চশিক্ষিত ও কৃষ্টিসম্পন্ন শ্রেণী হিসাবে তারা জাত ব্যবস্থার পরিনামের প্রতি উদাসীন থাকতে পারবে, এটা আশাকরা ঠিক নয়। আপনারা হয়তঃ এই তর্ক ও করতে পারেন যে, অনেক ধর্মনিরপেক্ষ ব্রাহ্মণ আছে। যদি পুরোহিত শ্রেনীর ব্রাহ্মণরা জাত ব্যবস্থা ভাঙতে না চায়, তাহলে ধর্মনিরপেক্ষ ব্রাহ্মণরা জাতব্যবস্থার নির্মূল করতে চাইবে। এই সব যুক্তি-তর্ক শুনে বেশ যুক্তিযুক্ত বলে মনে হয়। কিন্তু এই সব যুক্তি-তর্কের মধ্যে একটি কথা ভুলে যাওয়া হয়। সেটি হল জাতব্যবস্থার বিলুপ্তি ঘটলে ব্রাহ্মণ জাতির খুব ক্ষতি হবে। এই সব তথ্যকে ধ্যান রেখে আমরা এই আশা করতে পারি কি, ব্রাহ্মণরা এই ধরনের আন্দোলনের নেতৃত্ব করতে রাজি হবেন; যার পরিণাম হিসাবে ব্রাহ্মণ জাতির শক্তি এবং সম্মান নষ্ট হয়ে যাবে? পুরোহিত ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলনে অংশ গ্রহণ করতে ধর্মনিরপেক্ষ  ব্রাহ্মণদের পাওয়ার আশা করা যুক্তিযুক্ত হবে কি? আমার বিচারে, ধর্মনিরপেক্ষ ব্রাহ্মণ এবং পুরোহিত শ্রেনীর ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য করা অর্থহীন। তারা উভয়েই পরস্পরের আত্মীয়। তারা একই শরীরের দু’টি বাহু। এক বাহুর অস্তিত্বের জন্য অন্য বাহু যুদ্ধ করতে বাধ্য। (Is it reasonable to expect the secular Brahmins to take part in a movement directed against the priestly Brahmins? In my judgment, it is useless to make a distinction between the Secular Brahmins and Priestly Brahmins. Both are kith and kin. They are two arms to the same body and one bound to fight for the existence of the other.)” 
    হ্যাঁ, এখানে দেখলেন তো বাবা সাহেব বলেছেন, তাঁর বিচারে ধর্মনিরপেক্ষ ব্রাহ্মণ (যাঁদেরকে আমরা ব্রাহ্মণবাদের উর্ধে ধরতে পারি আমাদের পান্ডিত্য দিয়ে) আর পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণ (যাঁদেরকে আমরা ব্রাহ্মণ্যবাদকে পুষ্ট করা বা রক্ষাকারী বলতে পারি আমাদের পান্ডিত্য দিয়ে) এই দুই শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য করা অর্থহীন। তাঁরা উভয়েই পরস্পরের আত্মীয়। তাঁরা একই  শরীরের দু’টি বাহু। এর পরে আর বলার কিছু থাকে কি? হ্যাঁ, আপনাদের কাছে অনেক কিছু বলার আছে, সেটা আমরা জানি। তা না হলে তো আপনাদের আধিপত্য এবং অন্য অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবেন। তাই নয় কি?      

    
Read More

Sunday, 7 August 2016

// // Leave a Comment

সারা জগৎ দেবতার অধীন। দেবতা মন্ত্রের অধীন। মন্ত্র ব্রাহ্মণের অধীন


দেবাভিনাম্‌ জগত সর্বম্‌। মন্ত্রাংশিনাম্‌ তে দেবতা 
তম অন্ত্রাম্‌ ব্রাহ্মণাধিনাম। ব্রহ্মণাং নাম তে দেবতা ।। 
-এই মন্ত্রে আছে সারা জগৎ দেবতার অধীন। দেবতা মন্ত্রের অধীন। মন্ত্র ব্রাহ্মণের অধীন। (বুঝুন ঠেলা) reference- নিচে দেওয়া আছে হিন্দিতে।
প্রফেসর Vilas Kharat দ্বারা মারাঠীতে লেখা বই-এর হিন্দি তে অনুবাদ হয়েছে। সেই বইয়ের নাম হচ্ছে- ডাঃ বাবসাহব আম্বেদকর কি হত্যা কিসনে, ক্যাসে আউর ক্যিউ কি? বইয়ের 23 page এর থেকে সংগৃহীত।
Read More